বাগধারার বিশাল সমাধার

Raisul Islam Hridoy 0
Paid and Free Ebook


















বাগধারা




                                           ডাউনলোড





অর্থ

অ আ ক খ১

বর্ণজ্ঞান; বর্ণমালা (ছেলেটির অ আ ক খ শিখতেই ছ'মাস কেটে গেলো।); সমার্থক বাগধারা- ক খ।

অ আ ক খ২

প্রাথমিক বা সাধারণ জ্ঞান (এ বিষয়ে আমার অ আ ক খ জ্ঞান নেই।); সমার্থক বাগধারা- ক খ।

অ আ ক খ৩

প্রারম্ভিক পুস্তক (ইউক্লীড লিখিত 'এলিমেন্টস' নামের বইটি জ্যামিতিশাস্ত্রের অ আ ক খ।)

অকর্মার ধাড়ি

অকাজে অগ্রগণ্য; কোন কাজের নয়; নিতান্ত অলস ব্যক্তি; (তুমি একটা অকর্মার ধাড়ি।) সমার্থক বাগধারা- অকালকুষ্মাণ্ড; অখদ্যে-অবদ্যে; অগাকান্ত; অগামারা; অগারাম; অপোগণ্ড; আমড়া কাঠের ঢেঁকি; খোদার খাসি; গোবরগণেশ; গোকুলের ষাঁড়; তালপাতার খাঁড়া, ধানগাছের তক্তা; ধানকাঠের মই; নিকম্মার ঢেঁকি; ষাঁড়ের গোবর ইত্যাদি

অকলের/আকলের শত্রু/ অকলকে দুশমন

মূর্খ (মনে যখন কোন প্রশ্ন জাগে না তখন তোমাকে অকলের শত্রু বলে মনে হচ্ছে।)

অকস্মাৎ বজ্রপাত

অপ্রত্যাশিত বিপদ (বাবা মারা গেলেন পরিবারে অকস্মাৎ বজ্রপাত হল।)

অকাজের গোঁসাই

অনুচিত কাজ করতে মুখিয় থাকা ব্যক্তি।

অকারণে হৈচৈ

অহেতুক চিন্তা; সমার্থক বাগধারা- 'মাথা নেই তার মাথাব্যথা'

অকাল

দুর্ভিক্ষ (অকালে কি না খায়)।

অকাল-অপক্ব

বোকা; বয়সোচিত ব্যবহার বা বুদ্ধির অভাব (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)।

অকালকুষ্মাণ্ড১

অকাল জাত চালকুমড়ার বলিদান হয় না লক্ষণায়- অকর্মণ্য; অকেজো; অপদার্থ; কোন কাজের নয়; তিরস্কারস্থলেই ব্যবহৃত হয় (অকালকুস্মাণ্ড ছেলে; নাহি কি জ্ঞানকাণ্ড, অকাল্কুস্মাণ্ড? দ্বিজেন্দ্রলাল রায়); সমার্থক বাগধারা- অকর্মার ধাড়ি; অখদ্যে-অবদ্যে; অপোগণ্ড; আমড়া কাঠের ঢেঁকি; গর্ভস্রাব ইত্যাদি।

অকালকুষ্মাণ্ড২

কুলনাশক; (উৎসকাহিনি- গান্ধারী অকালে একটি কুস্মাণ্ডাকার মাংসপিণ্ড প্রসব করেন; সেই মাংসপিণ্ড থেকে কুরুকুলনাশক দুর্যোধনাদি শতপুত্রের জন্ম হয়; তাই থেকে কেউ পরিবারের ক্ষতি করলে তাকে 'অকালকুস্মাণ্ড' বলে তিরস্কার করা হয়)।

অকালপক্ব

ডেঁপো; বয়সের তুলনায় বেশি পাকা; বালকবয়সে বড়দের মত আচরণ যার (হয় সে অকালপক্ব; নয় সে অকাল-অপক্ব-রবীন্দ্রনাথ ঠাকুর); সমার্থক শব্দ- ইঁচড়ে/এঁচোড়ে পাকা।

অকালবসন্ত

সময়ের আগেই সুখের সূচনা।

অকালবোধন

অনুপযুক্ত সময়ে কোন শুভ কাজের সূচনা।

অকালমৃত্যু

পরিণত বয়সের আগে মৃত্যু।

অকালসন্ধ্যা১

অসময়ে আগত সময়।

অকালসন্ধ্যা২

সময়ের আগেই কষ্টের সূচনা।

অকালের বাদল/বাদলা

অপ্রত্যাশিত বাধা।

অকালের তাল

অসময়ে প্রাপ্ত দ্রব্য।

অকূল/অকূলদরিয়া/অকূলপাথার

কঠিন বিপদ; চরম/মহাসংকট; (বাবা মারা যাওয়ায় আমি অকূলে পড়েছি); সমার্থক বাগধারা- অথৈ জল; সানকিতে বজ্রাঘাত।

অকূলতারণ

বিপদে যে রক্ষা করে এমন ব্যক্তি; সমার্থক বাগধারা- অকূলের কূল।

অকূলে কূল পাওয়া

নিরুপায় অবস্থা থেকে উদ্ধার পাওয়া; গভীর সঙ্কটে সাহায্য পাওয়া; মহাবিপদ থেকে উদ্ধার পাওয়া।

অকূলে ডোবা/পড়া

ভীষণ বিপদ বা মহাসঙ্কটে পড়া।

অকূলদরিয়ায় ভাসা

কঠিন বিপদে পড়ে দিশেহারা হওয়া (আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে অকূলদরিয়ার বুঝি কূল নাই রে- আব্বাসুদ্দিন আহ্‌মেদ)।

অকূলের কূল

বিপদে ত্রাণকর্তা; সমার্থক বাগধারা- অকূলতারণ।

অকূলের ভেলা

একান্ত নিরুপায় অবস্থার শেষ অবলম্বন।

অক্কা পাওয়া/ অক্কাপ্রাপ্তি

কৌতুকে- ঈশ্বরপ্রাপ্তি; মৃত্যু (শেষরাত্রে বুড়োটা অক্কা পেলো।); সমতুল্য বাগধারা- আত্মারাম খাঁচাছাড়া; ঈশ্বরপ্রাপ্তি; গঙ্গাপ্রাপ্তি; পঞ্চত্বপ্রাপ্তি; পটল তোলা; শিঙে ফোঁকা ইত্যাদি।

অক্টোপাস

চারিদিক থেকে আসা মারাত্মক আক্রমণ (নানাসমস্যা চারিদিক থেকে আমাকে অক্টোপাসের মত জড়িয়ে ধরেছে)।

অক্ষয়বট

অতিপ্রাচীন ব্যক্তি; অতিবৃদ্ধ ব্যক্তি (উৎসকাহিনি- গয়া, প্রয়াগ, ভুবনেশ্বর ইত্যাদি তীর্থস্থানে রোপিত বটবৃক্ষ যাদের পূজা করলে অক্ষয় পূণ্যলাভ হয়); সনাতন ধর্মাবলম্বীরা বড় বটগাছকে 'অক্ষয় বট' বলে থাকেন; সমার্থক বাগধারা- আদ্যিকালের বদ্যিবুড়ো; ঘাটের মড়া; তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, ভূষণ্ডির কাক ইত্যাদি।

অক্ষরজ্ঞান/পরিচয়১

সামান্যতম জ্ঞান (এই বিষয়ে আমার অক্ষরপরিচয় নেই); সমার্থক বাগধারা- অ আ ক খ।

অক্ষরজ্ঞান/পরিচয়২

প্রাথমিক শিক্ষা; হাতে খড়ি (শিশুটির এখনো অক্ষরপরিচয় হয় নি)।

অক্ষরে অক্ষরে

কিছুমাত্র অন্যথা না করে; কোন ব্যতিক্রম না করে; যথাযথভাবে; সম্পূর্ণভাবে (তোমার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি)।

অক্সিজেন জোগানো

বাঁচার আশ্বাস পাওয়া; বিপদে ভরসা দেওয়া।

অখদ্যে অবদ্যে

অকর্মণ্য; অপদার্থ (তোমার মত অখদ্যে অবদ্যেকে দিয়ে এ কাজ হবে না)।

অখন-তখন অবস্থা

আশঙ্কাজনক অবস্থা; যেকোন সময় মারা যেতে পারে; (রোগীর অবস্থা অখন-তখন); সমার্থক বাগধারা- যখন তখন অবস্থা; যায় যায় অবস্থা; পাঠান্তর- এখন-তখন অবস্থা।

অগতির গতি১

অনন্যোপায়ের উপায়।

অগতির গতি২

নিরাশ্রয়ের আশ্রয়।

অগতির গতি৩

পতিতপাবন; পতিতের উদ্ধারক ঈশ্বর; বিপদতারণ।

অগত্যা মধুসূদন

অনন্যোপায় হয়ে; নিমরাজী (কেউ যখন রাজী নয় তখন অগত্যা মধুসূদন আমিই এই কাজ করবো)।

অগভীর জলের পুঁটিমাছ

অল্প ধন/বিদ্যা নিয়ে বড়াইকারী লোক।

অগর-মগর করা

নানা অজুহাত দেখানো; 'কিছু করা বা না'-করার পক্ষে নানা অজুহাত/ওজর/যুক্তি দেখানো (চাকরকে অনুপস্থিতির কারণ জিজ্ঞাসা করাতে সে অগর-মগর করতে লাগল)।

অগস্ত্যযাত্রা১

চিরদিনের জন্য প্রস্থান; শেষযাত্রা, যে-যাত্রায় বিদেশযাত্রী আর ঘরে ফিরে আসে না; (উৎসকাহিনি- অগস্ত্যমুনি ভাদ্রমাসের প্রথমদিনে বিন্ধ্যপর্বত লঙ্ঘন করে দাক্ষিণাত্যে যাত্রা করেন; পরে আর ফিরে আসেন নি)।

অগস্ত্যযাত্রা২

ভাদ্রমাস বা প্রতিমাসের প্রথমদিনে যাত্রা (নিষিদ্ধ বলে কল্পিত)।

অগা/অগাকান্ত/অগাচণ্ডী/ অগামারা/অগারাম

বিদ্রুপে- নির্বোধ, অকর্মা বলে গালি; স্নেহযুক্ত তিরস্কারে- অগাকান্ত ও অগারাম; তুচ্ছার্থক তিরস্কারে- অগামারা।

অগাধ জল/সমুদ্র

চরম বিপদ (চাকরিটা চলে যাওয়ায় অগাধ জলে পড়েছি)।

অগাধ জলের মাছ

খুব চালাক লোক; সুচতুরব্যক্তি; যার মনোভাব বোঝা যায় না; সমার্থক বাগধারা- অথৈ জলের মাছ; গভীর জলের মাছ।

অগ্নি-অবতার১

অতি ক্রুদ্ধব্যক্তি; সমার্থক বাগধারা- অগ্নিমূর্তি; অগ্নিশর্মা; ভস্মলোচন।

অগ্নি-অবতার২

অতিতেজস্বী পুরুষ।

অগ্নিকন্যা

অতিতেজস্বী নারী।

অগ্নিকাণ্ড

বিষম অনর্থ; তুলকালামকাণ্ড; তুমুল ঝগড়াবিবাদ; প্রচণ্ড মারামারি (সংসারে অগ্নিকাণ্ড চলছে)।

অগ্নিগর্ভ

অত্যন্ত উত্তেজনাপূর্ণ; উত্তপ্ত (অগ্নিগর্ভ পরিস্থিতির উদ্ভব হয়েছে; অগ্নিগর্ভ বক্তৃতা)।

অগ্নিচক্ষু/দৃষ্টি

কঠোর দৃষ্টি

অগ্নিদাতা

হিন্দুদের মধ্যে যে মৃতের মুখাগ্নি করে।

অগ্নিপরীক্ষা

কঠিন পরীক্ষা; কঠিন পরিস্থিতির সম্মুখীন (সীতার অগ্নিপরীক্ষা)

অগ্নিবর্ধক

ক্ষুধাবর্ধক; পরিপাকশক্তিবর্শক।

অগ্নিবর্ষণ

ক্রোধপ্রকাশ

অগ্নিবল

ক্ষুধা (গরীবের অন্নবল নেই, অগ্নিবল আছে।)

অগ্নিবাণ১

চরম আঘাত ('কলদৈত্য আসিয়া বেচারা তাঁতের উপর অগ্নিবাণ হানিল- রবীন্দ্রনাথ ঠাকুর)।

অগ্নিবাণ২

প্রচণ্ড দাবদাহ ('দারুণ অগ্নিবাণে রে হৃদয় তৃষায় হানে রে'- রবীন্দ্রনাথ ঠাকুর)।

অগ্নিবৃদ্ধি

ক্ষুধাবৃদ্ধি; পরিপাকধক্তি বৃদ্ধি (পরিশ্রম করলে অগ্নিবৃদ্ধি হয়)।

অগ্নিমান্দ্য

অক্ষুধা; অজীর্ণ রোগ; পরিপাকশক্তির অল্পতা; মন্দাগ্নি (লোকে বৃদ্ধবয়সে অগ্নিমান্দ্য রোগে ভোগে)।

অগ্নিমূর্তি

অতিশয় ক্রুদ্ধ (শিক্ষকমশাই অগ্নিমূর্তি ধারণ করেছেন।); সমার্থক বাগধারা অগ্নি-অবতার, অগ্নিশর্মা; ভস্মলোচন।

অগ্নিমূল্য

অত্যন্ত আক্রা; চড়াদাম (জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ বিপর্যস্ত)।

অগ্নিযুগ

স্বদেশি আন্দোলনের সময়ের সশস্ত্র বিপ্লবের যুগ (বিপ্লবী ক্ষুদিরাম অগ্নিযুগের সন্তান ছিলেন)।

অগ্নিশর্ম/শর্মা

অত্যন্ত কোপনস্বভাব-ব্যক্তি; ক্রুদ্ধ, ক্ষিপ্ত (প্রখরমূর্তি অগ্নিশর্ম, ছাত্র মরে আতঙ্কে-রবীন্দ্রনাথ); সমার্থক বাগধারা- অগ্নি-অবতার, অগ্নমূর্তি; ভস্মলোচন।

অগ্নিসংস্কার

মন্ত্র পড়ে শবদাহ্; মৃতদেহ সৎকার

অগ্নিসাক্ষী

আগুন ছুঁয়ে বা আগুনকে সাক্ষী রেখে শপথ (অগ্নিসাক্ষী করে বলছি আমি এ ব্যাপারে বিন্দুবিসর্গ জানি না)।

অগ্নিসেবন

আগুনের তাপ উপভোগ (কাঠ জ্বালিয়ে অগ্নিসেবন করছি)।

অগ্নিতে ঘৃতাহূতি

উত্তেজনা/ক্রোধবৃদ্ধি (একেই উত্তেজনা চরমে, আর অগ্নিতে ঘৃতাহূতি দিও না।); পাঠান্তর- আগুনে ঘি ঢালা; আগুনে ধুনো দেওয়া।

অগ্নিতে বারিবর্ষণ

উত্তেজনা/ক্রোধহ্রাস; রাগ স্থিমিত; পাঠান্তর- অনলে জল ঢালা/পড়া

অগ্রদানী

হিন্দুদের শ্রাদ্ধে প্রেতের উদ্দেশ্যে প্রদত্ত তিলাদি দান গ্রহণকারী পতিতব্রাক্ষণ।

অগ্রদূত১

পথপ্রদর্শক।

অগ্রদূত২

প্রথম সংবাদবাহক।

অগ্রপশ্চাৎ১

পরিণাম (অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে ফল ভালো হয় না)

অগ্রপশ্চাৎ২

ভালমন্দ।

অগ্রপশ্চাৎ৩

ভূত-ভবিষ্যৎ

অগ্রপাণি

আঙুল; ডানহাত; সমার্থক বাগধারা- দক্ষিণহস্ত।

অঘটনঘটনপটিয়সী

অসাধ্যসাধনে বা অকাজে পটু নারী; মায়া।

অঘা/অঘাকান্ত/আঘাচণ্ডী/অঘামারা/অঘারাম

বিদ্রুপে- নির্বোধ; অকর্মা- গালিবিশেষ; তিরস্কার করতে ব্যবহৃত হয়; স্নেহযুক্ত তিরস্কারে- অঘাকান্ত ও অঘারাম; তুচ্ছার্থক তিরস্কারে- অঘামারা।

অঙ্কলক্ষ্মী/অঙ্কশায়িনী

পত্নী; স্ত্রী।

অঙ্কুরে বিনষ্ট

শুরুতেই নাশ/বিনাশ (সাফল্যের আশা অঙ্কুরেই বিনষ্ট)।

অঙ্কুরোজ্ঞম

কোন কিছুর সূত্রপাত।

অঙ্কুশ তাড়না

গোপনে বা ভিতর থেকে তাড়না।

অঙ্কস্থ

আয়ত্ব; হস্তগত।

অঙ্গ জল হওয়া১

ভয় পাওয়া (রাতের অন্ধকারে পথ চলতে ভয়ে আমার অঙ্গ জল হয়)।

অঙ্গ জল হওয়া২

ক্রোধ প্রশমিত হওয়া; শান্ত হওয়া (মেয়ের মুখ দেখলে বাবার অঙ্গ জল হয়)।

অঙ্গ জল হওয়া৩

শীতল হওয়া।

অঙ্গ জ্বালা

অসন্তোষ; বিরক্তি (রাজনৈতিক নেতাদের বক্তৃতা শুনলে অঙ্গ জ্বালা করে); পাঠান্তর- গাত্রদাহ।

অঙ্গুলিত্রান/অঙ্গুস্তানা

সেলাইয়ের সময় আঙুলে পরিধেয় বর্ম।

অঙ্গুলি নির্দেশ/হেলন

আঙুলের ইসারা; আঙুলের নির্দেশ।

অচল পয়সা

অকেজো; কোন কাজের নয়; কোন দাম নেই; মূল্যহীন (তোমার মত অচল পয়সা দিয়ে আমার কাজ হবে না)।

অচলায়তন

প্রগতিবর্জিত ও গোঁড়ামিপূর্ণ প্রতিষ্ঠান (ধর্মীয় প্রতিষ্টানগুলিমাত্রই একেকটি অচলায়তন)।

অচিনপাখি

প্রাণ/প্রাণবায়ু ('খাঁচার ভিতর অচিনপাখি কেমনে আসে যায়')

অচন্দ্রচেতন

যৌনচেতনাশূন্য।

অজগরবৃত্তি

আলসেমি; এক জায়গায় স্থির থেকে যা পাওয়া যায় তাতেই জীবনধারণ করা।

অজগ্রাম/অজপাড়া/অজ পাড়াগাঁ১

নিতান্ত অপরিচিত ক্ষুদ্রপল্লী।

অজগ্রাম/অজপাড়া/অজ পাড়াগাঁ২

খাঁটি পুরোদস্তুর পল্লী

অজমূর্খ

আকাট/নিরেট বোকা/মূর্খ।

অজাতশত্রু

যার শত্রু নাই; যার শত্রু জন্মায়নি; যে শত্রুতা করে না (অজাতশত্রু যুধিষ্ঠির)

অজাতশ্মশ্রু১

যার গোঁফদাড়ি জন্মায় নি; অপ্রাপ্ত বা অল্পবয়স্ক।

অজাতশ্মশ্রু২

বয়ঃপ্রাপ্তি সত্ত্বেও গোঁফ-দাড়ি ওঠে না এমন; মাকুন্দ।

অজাযুদ্ধ১

যেখানে লড়াই থেকে আস্ফালন বেশি; যেকাজে আড়ম্বর বেশি ফললাভ সামান্য

(অজার যুদ্ধে আঁটুনি সার)।

অজাযুদ্ধ২

ঋষিদের শ্রাদ্ধানুষ্ঠান, যেখানে কলাপাতা বিছানো হলেও আহার্য্য পরিবেশন করা হয় না।

অজুহাত

ওজর আপত্তি; কারণনির্দেশ; বাহানা (অক্ষমের অজুহাত খাড়া)।

অজ্ঞাততকুলশীল

যার বংশপরিচয় বা স্বভাবসম্পর্কে কিছু জানা নেই; সম্পূর্ণ অপইচিত (অজ্ঞতকুলশীলকে ঘরে স্থান দিতে নেই)।

অঞ্চলনিধি

অত্যন্ত প্রিয়বোধে যা আঁচলের নীচে ঢেকে রাখা হয়; স্বামী বা সন্তান; মূলতঃ আদরের পুত্রসন্তান (মায়ের অঞ্চলনিধি)।

অঞ্চলপ্রভাব

স্বামীর উপর স্ত্রীর প্রভাব/প্রভুত্ব; স্ত্রীর একান্ত অনুগত; (আজকাল অঞ্চল প্রভাব অতীব প্রবল); সমার্থক বাগধারা- আঁচলধরা।

অতঃকিম

এরপর কী; কিংকর্তব্যবিমূঢ় অবস্থা; সমার্থক বাগধারা- ততঃকিম।

অতশত

খুঁটিনাটি; নানাবিধ বিষয় (অতশত আমি জানি না)।

অতিকথায় বার্তা নষ্ট

বাকচাতুর্যে মূলবক্তব্য হারিয়ে যায়।

অতিগর্জনে ফোঁটাবৃষ্টি

হাঁকডাকওয়ালারা কাজের বেলায় অষ্টরম্ভা।

অতিঘরন্তি

গৃহকর্মনিপুণা কুমারী মেয়ে (অতিঘরন্তি না পায় ঘর অতিসুন্দরী না পায় বর)।

অতি চালাকের গলায় দড়ি

বেশি চালাকির পরিণাম অশুভ হয়।

অতিদর্পে হত লঙ্কা

অহঙ্কারে পতন অনিবার্য।

অতিভক্তি চোরের লক্ষণ

ভক্তির আতিশয্যে গোপন উদ্দেশ্য প্রচ্ছন্ন থাকে।

অতিলোভে তাঁতী নষ্ট

লোভের মাত্রা অতিক্রান্ত হলে সমূহ ক্ষতি।

অথৈ জল

চরমসংকট; ভীষণ বিপদ (হঠাৎ চাকরি হারিয়ে অথৈ জলে পড়েছি।; সমার্থক বাগধারা- অকূল পাথার, সানকিতে বজ্রাঘাত ইত্যাদি।

অথৈ জলের মাছ

সুচতুর ব্যক্তি; চাপা স্বভাবের লোক; সমার্থক বাগধারা- অগাধ জলের মাছ; গভীর জলের মাছ।

অদল-বদল

তুল্যবিষয়ের পরিবর্তন (তার মতিগতিতে কিছু অদলবদল হবে না); সমার্থক বাগধারা- উলট-পালট; এদিক-ওদিক; হেরফের ইত্যাদি।

অদানে অব্রাহ্মণে

সৎ বা সার্থক কাজে নয়; সাধারণত বাজে কাজে অর্থ ও পরিশ্রম ব্যয় সম্পর্কে প্রযোজ্য হয়।

অদিনে অক্ষণে

শুভ বা প্রশস্ত দিন বা সময় নয়; খুবই দুর্দিনে এবং কুক্ষণে।

অদৃষ্টের কিল/পরিহাস

ভাগ্যবিপর্যয়; ভাগ্যের মার (অদৃষ্টের কিল ভূতেও কিলায়); সমার্থক বাগধারা- কপালের ফের; গ্রহের ফের; বিধির বিড়ম্বনা।

অধঃপাতে যাওয়া

উচ্ছন্নে যাওয়া; কুসংসর্গে নষ্ট হওয়া; দুশ্চরিত্র হওয়া।

অধমাধম

অধমেরও অধম; অত্যন্ত নিকৃষ্ট/নীচ; সমার্থক বাগধারা- কীটস্য কীট।

অধিকগর্জনে অল্পবর্ষণ

মেঘ বেশি ডাকলে বৃষ্টি কম হয়; সমতুল্য- 'অনেক গর্জনে ফোঁটা বৃষ্টি'; 'বর্ষণ নেই গর্জন সার'; 'যত গর্জে তত বর্ষে না';'বহ্বারম্ভে লঘুক্রিয়া'ইত্যাদি।

অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট

অবাঞ্ছিত বহুব্যক্তির সমাবেশে মতভেদজনিত কারণে সমস্ত কাজকর্ম পণ্ড।

অধিবাস

্পূজা বিয়ে ইত্যাদির আগে পালনীয় সংস্কারবিশেষ।

অধিবিন্না

দ্বিতীয়বার বিবাহিত পুরুষের জীবিত প্রথমাপত্নী।

অধিবেত্তা

প্রথমস্ত্রী জীবিত থাকা সত্বেও তার বন্ধ্যাদোষহেতু দ্বিতীয়বার বিবাহকারী পুরুষ; তুলনীয়- দোজোবর।

অধিমাস

অতিরিক্ত চান্দ্রমাস, যে মাসে দুটি অমাবস্যা পড়ে;সমার্থক বাগধারা-মলমাস।

অনন্তনিদ্রা/যাত্রা

চিরনিদ্রা; মৃত্যু।

অনন্তবালা

হাতে পরার অলঙ্কারবিশেষ (আজকাল মোটামোটা অনন্তবালা আর কেউ পরে না।)

অনন্তরূপা/ অনন্তরূপিণী

নানারূপধারিণী (অনন্তরূপিণী মূর্তি)

অনন্তশয়ন/শয্যা১

বিষ্ণুর অনন্তনাগ শয্যা

অনন্তশয়ন/শয্যা২

চিরনিদ্রা; মৃত্যু

অনভ্যাসের ফোঁটা১

আচমকা সৌভাগ্যের অস্বস্তি

অনভ্যাসের ফোঁটা২

প্রাথমিক অস্বস্তি (অনভ্যাসের ফোটা কপাল চড়চড় করে- প্রবাদ)

অনলে জল ঢালা/পড়া

উত্তেজনা হ্রাস; রাগ স্তিমিত; সমার্থক বাগধারা- অগ্নিতে বারিবর্ষণ

অনাগতবিধাতা

আগাম উদ্যোগকারী; ভবিষ্যতের জন্য সংস্থানকারী; ভাবি অনিষ্টের প্রতিকারক; যে পরিণামের চিন্তায় আগাম ব্যবস্থা গ্রহণ করে বা প্রস্তুত থাকে।

অনাথের দৈব সখা/ অনাথো দৈবরক্ষক

স্বয়ং ঈশ্বর অনাথকে রক্ষা করেন।

অনাথের নাথ

ঈশ্বর ('অনাথের ও নাথ গৌরা রে')

অনামিকা১

কড়ে আঙুলের পাশের নামছাড়া চতুর্থ আঙুল; আংটি আঙুল (উৎসকাহিনি- একবার শিব প্রচণ্ড রেগে নামছাড়া আঙুলের একখোঁচায় ব্রহ্মার একমুণ্ড খসিয়ে দেন; পরে অনুতপ্ত হয়ে তিনি পাপী আঙুলকে এই বলে অভিশাপ দেন যে তার কোন পরিচয় নাম থাকবে না; সেইথেকে নামহীন আঙুলের নাম হয়ে গেল অনামিকা; মজার কথা হল বিশ্বজুড়ে সংস্কৃ্তির অঙ্গ বা সংস্কারহিসাবে মেয়েদের বিয়ের আংটি এই অনামিকা আঙুলেই পরানো হয়।)

অনামুখো

কুৎসিত ব্যক্তি; যার মুখ দেখলে অমঙ্গল হয়- গ্রামা মেয়েলি গালিবিশেষ

অনাসৃষ্টি

অদ্ভূত; কুৎসিত; সৃষ্টিছাড়া (ভুবনজুড়ে চলছে অনাহার অনাবৃষ্টি একী অনাসৃষ্টি- রবীন্দ্রনাথ।)

অনাহারী

ব্যঙ্গে- অবৈতনিক; কাজ করে কিন্তু বেতন পায় না (আমি এক অনাহারী কর্মচারী।)

অনিষ্ট হতে ইষ্টলাভ/অনিষ্টে ইষ্টলাভ

মন্দঘটনা থেকে ভালো ঘটনার উৎপত্তি (অনেকের অনিষ্টে ইষ্টলাভ হয়); সমতুল্য- শাপে বর; অহিতে বিপরীত।

অনুপান

ঔষধের সাথে বা পরে পেয় মিষ্টিরস (মধু মকরধ্বজের অনুপান)

অনুরোধে ঢেঁকি গেলা১

অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা((অনেকসময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়)।

অনুরোধে ঢেঁকি গেলা২

অনুরোধে দুরূহ কাজ করতে সম্মত হওয়া;

অনুলোম বিবাহ

উচ্চবর্ণের পাত্রের সাথে নীচবর্ণের পাত্রীর বিয়ে।

অনেক কাঠখড় পুড়িয়ে

বহু চেষ্টা ও পরিশ্রম করে (অনেক কাঠখড় পুড়িয়ে একটা চাকরি জোগাড় করেছি।)

অনেক জলের মাছ১

অত্যন্ত চালাক; চালচলন টের পাওয়া যায় না এমন সুচতুর ব্যক্তি; (লোকটি অগাধ জলের মাছ ওকে ছুঁতে পারবে না।)

অনেক জলের মাছ২

ধীরস্থির অবিচলিতচিত্ত গম্ভীর-স্বভাবযুক্ত ব্যক্তি।

অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট

বহুজনের কর্তৃত্ব থাকলে অনুষ্ঠানে কাজের থেকে অকাজ বেশি হয়; ফলে কাজকর্মে বিশৃঙ্খলা দেখা দেয়।

অন্তর টিপুনি

গোপন ব্যথা; অন্যের অজ্ঞাতে কারো মনে গোপনে আঘাত।

অন্তরাত্মা

জীবাত্মা (পুলিশ দেখে দুস্কৃতির অন্তরাত্মা শুকিয়ে গেছে।)

অন্তর্জলি

পারলৌকিক মঙ্গলের জন্য হিন্দুমুমূর্ষুর নিম্নাঙ্গ গঙ্গাজলে নিমজ্জন।

অন্তর্জলি যাত্রা

অন্তিমকাল শুরু; পতন বা মৃত্যু আসন্ন (সভ্যতার অন্তর্জলি যাত্রা শুরু হয়ে গেছে)।

অন্তর্দাহ

ঈর্ষাজনিত কারণে গাত্রদাহ।

অন্তিমদশা

মরণকাল; মুমূর্ষু অবস্থা।

অন্ধ ও খোঁড়ার পথ চলা

অন্ধের সাহায্যে খোঁড়ার পথ চলা; অন্ধপঙ্গুন্যায় দ্রষ্টব্য।

অন্ধকার দেখা

বিপদের আশঙ্কায় বা ভয়ে ও ভাবনায় দিশেহারা হওয়া।

অন্ধকার দেখানো

বিপদে ফেলে অভিভূত করা।

অন্ধকারে উকুন বাছা

যে কাজ করা কোনমতে সম্ভব নয়; সমার্থক বাগধারা- 'আকাশ থেকে চাঁদ পাড়া'; 'কম্বলের লোম বাছা'; 'কোদাল দিয়ে দাড়ি চাঁচা'; 'খড়মপায়ে গঙ্গা পার হওয়া'; 'খড়ের গাদায় সূঁচ খোঁজা'; 'ঝিনুক দিয়ে জলদেচা'; 'মুড়া কোদালে খাল কাটা'; শামুক দিয়ে জলসেচা ইত্যাদি।

অন্ধকারে কালো বিড়াল খোঁজা

অন্ধকারে উকুন বাছা- দ্রষ্টব্য।

অন্ধকারে ঢিল ছোঁড়া১

কার্যসিদ্ধি হতে পারে এই আশায় অনিশ্চয়তা সত্বেও কিছু করা'

অন্ধকারে ঢিল ছোঁড়া২

নিছক অনুমানের ভিত্তিতে আন্দাজে কিছু করা বা বলা।

অন্ধকারে থাকা১

কিছু না জানা; কোন বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ বা অনভিহিত থাকা।

অন্ধকারে থাকা২

থই না পাওয়া।

অন্ধকারে হাতড়ানো১

চোখে দেখতে না পাওয়ায় হাতের স্পর্শ দিয়ে অনুমান করা; অনুমানে

অন্ধকারে হাতড়ানো২

স্পষ্ট জ্ঞান না থাকায় অনুমানে কিছু করা বা বলা।

অন্ধকূপ

নিবিড় অন্ধকারময় অপরিসর কক্ষ (অন্ধকূপ হত্যা)।

অন্ধকে দর্পণ দেখানো

মূর্খকে জ্ঞানদান।

অন্ধগোলাঙ্গুলন্যায়

মুর্খের উপদেশে গরুর লেজ ধরে চলতে দিয়ে এক অন্ধের যেরকম দুর্দশা হয়েছিল সেইরকম; (উৎসকাহিনি- এক অন্ধ বন্ধুর বাড়ী যেতে গিয়ে পথ হারিয়ে ফেলে; সেইসময় এক রাখাল গরুর পাল নিয়ে বাড়ী ফিরছিল; অন্ধ রাখালকে বন্ধুর বাড়ীর পথ জানতে চাইলে সে তাকে বন্ধুর গরুর লেজ ধরে থাকলে বলে; অন্ধ তাই করে; অন্ধ লেজ চেপে ধরায় গরু দিশাহারা হয়ে ছোটাছুটি করতে থাকে; ফলে অন্ধের বন্ধুর বাড়ী যাওয়া হয় না পরন্তু সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়; কেউ মুর্খের উপদেশে চলতে গিয়ে বিপদাপন্ন হলে তাকে অন্ধগোলাঙ্গুলন্যায়ের অন্ধের সাথে তুলনা করা হয়)।

অন্ধপঙ্গুন্যায়

একজনের সম্পূর্ণ শক্তি না থাকলে অন্যের সাহায্য নিয়ে কাজ যে সম্পন্ন করা যায় সেইরকম; (উৎসকাহিনি-একঅন্ধ ও তার বন্ধু একখঞ্জের স্থানান্তরে যাওয়ার প্রয়োজন হয়; ঠিক হয় অন্ধের পিঠে চড়ে খঞ্জ পথ দেখাবে; সেইমত অন্ধ পথ অতিক্রম করবে; এই কৌশলে তারা স্থানান্তরে গমন করে; পরস্পরের সামর্থ্য দিয়ে পরস্পরের অভাবমোচন হলে অন্ধপঙ্গুন্যায়ের উদাহরণ দেওয়া হয়)।

অন্ধপরম্পরান্যায়১

বিষয়বিশেষে অজ্ঞব্যক্তিদের কথায় বিশ্বাসযোগ্যতা যেমন থাকে না সেইরকম; (উৎসকাহিনি- একঅন্ধ বলে দুধের রঙ সাদা; তাকে জিজ্ঞাসা করা হয়, 'তুমি কি করে জানলে?' উত্তরে সে বলে, 'অন্য অন্ধ তাই বলেছে'; অন্ধব্যক্তির বাক্যে যেমন দুধের শ্বেতত্ব প্রমাণিত হয় না তেমনি কোন বিষয়ে অজ্ঞদের বাক্যে সংশয় থাকে)।

অন্ধপরম্পরান্যায়২

অনেক অজ্ঞব্যক্তি একসাথে মিলিত হয়ে কাজ করলেও ইষ্টসাধন যে হয় না সেইরকম; (উৎসকাহিনি- কয়েকজন অন্ধ হাত ধরাধরি ক'রে পথ চলছিল; তাদের চলার পথে একটি গর্ত ছিল; চলতে গিয়ে প্রথম অন্ধ সেই গর্তে পড়ে; তার দেখাদেখি পরের অন্ধরাও পরপর গর্তে পড়ে।)

অন্ধবিশ্বাস

নির্বিচার যুক্তিহীন আস্থা; যুক্তি দিয়ে বিচার না ক’রে কোনকিছু মনে নেওয়া; যুক্তিহীন গভীর বিশ্বাস; (উৎসকাহিনি- দুর্যোধনের স্ত্রী ভানুমতী ও কর্ণ একদিন ঘরে বসে পাশা খেলছিলেন; ভানুমতী দরজার দিকে মুখ করে বসেছিলেন; কর্ণ বসেছিলেন দরজার দিকে পিছন ফিরে; পাশা খেলায় ভানুমতী হেরে যান; সেই সময় দুর্যোধন ঘরে প্রবেশ করছিলেন; তাঁকে দেখে ভানুমতী ভয় পেয়ে পালাতে যান; সেইসময়ে পরপুরুষের সঙ্গে সময় কাটানো অমার্জনীয় অপরাধ বলে মানা হ'; কর্ণ বুঝতে পারেন নি যে দুর্যোধন ঘরে এসে গিয়েছেন; তিনি পলায়নরত ভানুমতীর হাত চেপে ধরতে যান; পালাবার সময় ভানুমতীর গলার হার ছিঁড়ে সব মুক্তা মেঝেতে ছড়িয়ে পড়ে; দুর্যোধন সব দেখেও অস্বাভাবিক কিছু হয় নি ভেবে মুক্তা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন; তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে কর্ণ কোনও খারাপ কাজ করতে পারেন না; অনুমিত হয় কর্ণের প্রতি দুর্যোধনের এই পরিপূর্ণ আস্থা থেকেই ‘অন্ধবিশ্বাস’ বাগধারাটির উৎপত্তি হয়েছে)

অন্ধভক্তি

যুক্তিবর্জিত প্রশ্নহীন আনুগত্য।

অন্ধ হওয়া১

কারো দোষ না দেখা বা পক্ষপাতদুষ্ট হওয়া (ধৃতরাষ্ট্র পুত্রস্নেহে অন্ধ ছিলেন।)

অন্ধ হওয়া২

হিতাহিত জ্ঞানশূন্য হওয়া।

অন্ধহস্তীন্যায়

হাতীর স্বরূপ কি জানতে গিয়ে কয়েকজন অন্ধের যেমন ধারণা হয়েছিল তেমন; (উৎসকাহিনি- গল্পে আছে কয়েকজন অন্ধ এক চক্ষুস্মানের কাছে হাতী দেখতে কিরকম জানতে চায়; চক্ষুস্মান ব্যক্তি তাদের হাতীশালায় নিয়ে গিয়ে হাতীর অঙ্গস্পর্শ করিয়ে বলে এটা হল হাতী; এতে যে অন্ধ যে অঙ্গ স্পর্শ করছিল সে সেই অঙ্গকেই হাতী বলে মনে করে; যে গা স্পর্শ করছিল সে মনে করে হাতী দেওয়ালের মত; যে কান স্পর্শ করেছিল সে মনে করে হাতী কুলোর মত; যে পা স্পর্শ করেছিল সে মনে করে হাতী থামের মত; যে লেজ স্পর্শ করেছিল সে মনে করে হাতী দড়ির মত; এবং যে শুঁড় স্পর্শ করে সে মনে করে হাতী সাপের মত; অনভিজ্ঞ ব্যক্তি কোন বস্তুর একদেশ দর্শন করে চরম সিদ্ধান্তে উপনীত হলে তাদের অন্ধহস্তীন্যায়ের অন্ধের সাথে তুলনা করা হয়)।

অন্ধিসন্ধি১

কলাকৌশল (তোমার অন্ধিসন্ধি বোঝা দায়।); সমার্থক বাগধারা- ঘাঁতঘোঁত; ফাঁকফোকর; সুলুকসন্ধান ইত্যাদি।

অন্ধিসন্ধি২

গুপ্তকথা; গোপনতথ্য; ভিতরের খবর (সব অন্ধিসন্ধি তার জানা)।

অন্ধের দেশে কানা রাজা

মূর্খের দলের অজ্ঞান নেতা।

অন্ধের যষ্টি/নড়ি

অসহায়ের সহায়; অক্ষমের অপরিহার্য অবলম্বন।

অন্ধের হস্তীদর্শন

অসম্পূর্ণ বিচার/সিদ্ধান্ত (অন্ধহস্তীন্যায় দ্রষ্টব্য)

অন্ন ওঠা১

আয়ু/পরমায়ু শেষ হওয়া (বৃদ্ধের অন্ন উঠেছে, এবার যাবার পালা।)

অন্ন ওঠা২

জীবিকা্র পথ বন্ধ হওয়া (চাকরী যাওয়াতে তার অন্ন উঠেছে।)

অন্নগত প্রাণ১

ব্যঙ্গার্থে- আহার্য ছাড়া বাঁচে না এমন; অন্নের অভাবে প্রাণ যায় যায় অবস্থা।

অন্নগত প্রাণ২

বিষয়াসক্তি; ভোগসর্বস্বতা।

অন্নচিন্তা চমৎকারা

আহার জোটনোর চিন্তা অতি কঠিন ব্যাপার (অন্নচিন্তা চমৎকারা কালিদাস বুদ্ধিহারা)

অন্নজল

পরলোকগত আত্মার তৃপ্তিসাধনে হিন্দুদের আচরিত অনুষ্টান; শ্রাদ্ধে প্রেতের উদ্দেশ্যে প্রদত্ত ভোজ্যদ্রব্য।

অন্নজল ওঠা

চাকরি হারানো; জীবিকা অর্জনের উপায় শেষ।

অন্নজলের নাড়ী কোটা

শিশুর ভাতজল খাওয়ার বয়স হওয়া।

অন্নজলের বরাত ওঠা

আয়ু শেষ হওয়া।

অন্নদাস

ব্যঙ্গে-পেটের জন্য পরের আজ্ঞাবহ; ভাতুড়িয়া (ঘরজামাই শ্বশুরের অন্নদাস)।

অন্নধ্বংস করা২

ব্যঙ্গে- অলসভাবে জীবন কাটান; বসে বসে খাওয়া (নিকম্মার ব্যাটা বসে বসে শুধু অন্ন ধংস করে চলেছে)।

অন্নপ্রাশনের ভাত ওঠা

বমির উদ্রেক হওয়া।

অন্নবল

অর্থবল (অন্নবল নেই তার অগ্নিবল আছে)।

অন্নবস্ত্র

খাওয়াপড়ার ব্যবস্থা (চাকরি না হলে অন্নবস্ত্রের সংস্থান হবে না।) সমার্থক বাগধারা- খোরপোশ, ভাত-কাপড় ইত্যাদি।

অন্নময় কোষ

স্থূল হৃষ্টিপুষ্ট শরীর।

অন্ন মারা

জীবিকার পথ বন্ধ কর।

অন্নসঙ্কট

খাদ্যাভাব (দেশে অন্নসঙ্কট নেই।)

অন্নসংস্থান

জীবিকার অর্জনের উপায়/ব্যবস্থা।

অন্যপুষ্ট

অন্যদ্বারা প্রতিপালিত; কোকিল।

অন্যপূর্বা

আগে কারও বাগদত্তা ছিল বা পূর্বে বিবাহিতা এমন নারী।

অপত্যস্নেহ

সন্তানের প্রতি পিতামাতার স্নেহ, ভালোবাসা।

অপদার্থ

অকর্মণ্য; অযোগ্য; মনুষ্যত্বহীন; সমার্থক বাগধারা- অপোগণ্ড।

অপরূপ

ব্যঙ্গে- কদাকার; কিম্ভূত; কুরূপ; বেয়াড়া।

অপাংক্তেয়

গুরুত্বহীন; পাতে পড়ে না; মর্যাদাহীন।

অপোগণ্ড১

নাবালক; ৫ থেকে ১০ বৎসর পর্যন্ত বয়স্ক বালক

অপোগণ্ড২

অকর্মণ্য; কোন কাজের নয় (তোমার মত এমন অপোগণ্ড আমি আর দেখিনি); সমার্থক বাগধারা- অপদার্থ।

অবতার

ব্যঙ্গে- অদ্ভুত/কিম্ভূত মূর্তি (তুমি এক অবতারবিশেষ)।

অবরে-সবরে/ অবুরেসবুরে

অসময়ে প্রয়োজন হলে; মাঝেমধ্যে; সময়ে-অসময়ে (অবরে সবরে এখানে সে আসে)।

অবলা-অখলা

খলতাশূন্য সরলপ্রকৃতির নারী

অবশ্য অবশ্য

নিশ্চয়ই; বলা বাহুল্য।

অবস্থা বুঝে ব্যবস্থা

পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম।

অবস্থার দাস

পরিস্থিতির শিকার; যখন যেমন দশা তখন তেমন চলে।

অবাকজলপান

তেল লবণ লঙ্কা সহযোগে নানা ভাজাভুজি মিশিয়ে প্রস্তুত মুখরোচক খাদ্য, মুখ্যতঃ ঝালমুড়ি।

অব্রাহ্মণের দীর্ঘফোঁটা

মেকি ব্রাহ্মণের ভড়ং বেশি।

অভদ্রাকাল

আকাল; দুঃসময়; দুঃর্ভিক্ষের সময় (অভদ্রা বর্ষাকাল, হরিণী চাটে বাঘের গাল)।

অভাবে স্বভাব নষ্ট

অনটনের চাপে সৎপথে থাকা যায় না

অভেদাত্মা হরিহর

অভিন্নহৃদয় বন্ধু; পুরাণে হরি এবং হর অভেদাত্মা বলে বর্ণিত।

অমনি অমনি

বিনাকারণ; (অমনি অমনি মা তোমায় বকল?); সমার্থক দ্বিত্বশব্দ- শুধু শুধু।

অমনি একরকম

মোটামুটি ভালো; ভালোও নয় আবার মন্দও নয় এমন অবস্থা।

অমরকণ্টক/কন্ঠ হয়ে অমরনাথ যাত্রা

ঘুর/বাঁকাপথে কাজ করা।

অমাবস্যার অন্ধকার

নিবিড় হতাশাজনক অবস্থা।

অমাবস্যার চাঁদ

অদর্শনীয় বা দুর্লভ বস্তু; যার দেখা পাওয়া যায় না; সাধারণতঃ বন্ধু বা প্রিয়জনের দেখা না পেলে তাকে অমাবস্যার চাঁদের সাথে তুলনা করা হয়। সমার্থক বাক্যাংশ- ডুমুরের ফুল।

অমৃতং বালভাষিতম

শিশুর কথা বড়ই শ্রুতিমধুর; তাদের অসংযত কথাবার্তাও কারও বিরক্তি উৎপাদন করে না

অমৃতং সুভাষিতম

সু/সুভাষিত বচন অমৃতসমান

অমৃতপথযাত্রা

পরলোকযাত্রা

অমৃতে অরুচি

অতিপ্রিয় খাদ্যের প্রতি অনীহা; অতিপ্রিয় বস্তুর প্রতি বিরাগ।

অমৃতের পুত্র/সন্তান

ঈশ্বরের পুত্র মানুষ ('শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা')

অমেরুদণ্ডী

বলিষ্ঠ নয়; দুর্বলচরিত্রের লোক।

অম্লমধুর বাক্য

মিষ্টিপ্রলেপে ঝাঁঝালো বাক্য।

অম্লমধুর সম্পর্ক

কড়া ও নরম, ভালো ও মন্দ মিশ্রিত সম্পর্ক।

অম্লানবদনে

দ্বিধাহীনচিত্তে; নিঃসঙ্কোচে- মন্দার্থে শব্দটি ব্যবহৃত হয় (অম্লানবদনে সে মিথ্যেকথা বলে)।

অয়েল করা

বিদ্রুপে- তোয়াজ করা; স্তাবকতা করা।

অরণ্যেরোদন

নিস্ফলপ্রার্থনা; বৃথাক্রন্দন; বৃথা অনুনয়-বিনয় (পাথরে মাথা ঠোকা অরণ্যে০রোদনের সামিল)

অরুচি ধরা

বিরূপ মনোভাবের সৃষ্টি হওয়া (তোমার প্রতি সকলের অরুচি ধরেছে।)

অরুচির অম্বল শীতের কম্বল

অবশ্য প্রয়োজনীয় বস্তু; তুলনীয়- বর্ষার ছাতি, ভটচায্যির পাঁতি (পুথি)

অর্জুনের গাণ্ডীব

অমোঘ অস্ত্র; সমার্থক শব্দবন্ধ- পরশুরামের কুঠার; নারায়ণের সুদর্শনচক্র; শিবের ত্রিশুল ইত্যাদি।

অর্থগৃধ্নু

কৃপণ; ধনলোভী; ধনসর্বস্ব; সমার্থক বাগধারা- অর্থপিশাচ।

অর্থদণ্ড

অনর্থক অর্থ ব্যয়; অর্থ ব্যয় সত্বেও উদ্দেশ্য সাধনে ব্যর্থ (একগাদা অর্থদণ্ড হল।)

অর্থপিশাচ১

অর্থলাভের জন্য ভালোমন্দ, ন্যায়-অন্যায়বোধশূন্য (বিরাট ডিগ্রিধারী ডাক্তারগুলো একেকটি অর্থপিশাচ)

অর্থপিশাচ২

অত্যন্ত কৃপণ

অর্থমনর্থম্

অর্থই যত নষ্টের গোড়া।

অর্ধচন্দ্র দেওয়া

অপমান করে বিদায় করা; গলা/ঘাড়ধাক্কা ('আদর শুরু লাঠি জুতায় শেষে অর্ধচন্দ্র')

অর্ধজরতীন্যায়

বাদী ও প্রতিবাদীর মতদ্বৈধতার কারণে উভয়পক্ষের কিছু অংশ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হ'লে সেটা অর্ধজরতীন্যায়ের মত হয়; (কাহিনি- এক বিষয়বুদ্ধীহীন ব্রাহ্মণ দূরাবস্থায় পড়ে দুধেল গরুটাকে হাটে বিক্রি করতে নিয়ে যান; মানুষ বৃদ্ধ হ'লে অভিজ্ঞ হয় এই ভাবার্থে বেশি দামে বিক্রয় করার ইচ্ছায় ব্রাহ্মণ গরুটাকে প্রাচীনা বল'তে থাকেন; তাতে ক্রেতা জোটে না; তাই দেখে একব্যক্তি তাঁকে গরুটাকে নবীনা ও এক বিয়ানী বল'তে বলে; ব্রাহ্মণ দ্বন্দ্বে পড়েন; একবার যাকে প্রবীণা বলেছেন পরে তাকে আর কিভাবে নবীনা বলবেন; সুতরাং দুকূল রক্ষা করতে তিন স্থির করেন গরুটাকে অর্ধজরতী-অর্ধনবীনা বলবেন; পরে এক ক্রেতা এলে ব্রাহ্মণ তাকে তাই বলেন; ক্রেতা ব্রাহ্মণকে বিষয়বুদ্ধীহীন বুঝে নিয়ে ন্যায্য মূল্য দিয়ে গরুটাকে নিয়ে যায়;একেই বলে অর্ধজরতীন্যায়।)

অলকাতিলকা

চন্দনাদি দিয়ে কিশোরী মেয়ের মুখসজ্জা।

অলক্ষ্মী

গৃহকর্মে অনিপুণা এবং স্বভাবে অগোছালো কলহপ্রিয়া স্ত্রীলোক।

অলক্ষ্মীর দশা/দৃষ্টি

অভাব; অনটন; দারিদ্র; দুর্দশা; শ্রীহীনতা; হতভাগ্য ইত্যাদির দশা।

অল দা সেম

অপরিবর্তিত; একই ব্যাপার; কিছু যায় আসে না।

অলপ্পেয়ে/অল্পেয়ে

আয়ু অল্প হ'বে- এই কামনায় গালিবিশেষ ('ওরে বুড়া আঁটকুড়া নারদ অল্পেয়ে')

অলম্বুষ১

থপথপে মোটাসোটা অলস প্রকৃতির লোক; অমার্জিত; নির্বোধ (তোমার মত অলম্বুষকে দিয়ে এই কাজ হবে না।);

অলম্বুষ২

পাষণ্ড যে সাধারণের বহু ক্ষতি করে- গালিবিশেষ; (উৎস্কাহিনি- ঘটোৎকচ কর্তৃক নিহত কৌরবপক্ষের রাক্ষস।)

অলিগলি

খুব সরু ও দুর্গম রাস্তা; গলি ও তস্যগলি; গলি এবং তার থেকেও সঙ্কীর্ণ পথ (কাশীর রাস্তা অলিগলিতে ভর্তি); সমার্থক শব্দ- গলিঘুঁজি।

অলিপান/পানা

কৌতুকে- মদ; সুরা।

অলোকসামান্যা

মনুষ্যলোকে দেখা যায় না এমন অসাধারণ সুন্দরী নারী।

অল্পজলের/পানির মাছ১

অসার ব্যক্তি; বোকাসোকা লোক; (অল্পজলের মাছ বেশী জলে উঠলে বেশী লাফালাফি করে)।

অল্পজলের/পানির মাছ২

সামান্যপুঁজির বা সম্পদের মালিক; অল্প ধন নিয়ে গর্বকারী ব্যক্তি।

অল্পজলের/পানির মাছ৩

অল্পবিদ্যার লোক; সামান্য বিদ্যা নিয়ে পণ্ডিত্যের ভানকারী ব্যক্তি।

অল্পজলের/পানির মাছ৪

সঙ্কীর্ণমনা ব্যক্তি।

অল্পবিদ্যা ভয়ংকরী১

অল্পবিদ্যা থেকে জাত অহঙ্কার।

অল্পবিদ্যা ভয়ংকরী২

সামান্যবিদ্যা খুব ক্ষতিকর; তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে।

অল্পের উপর দিয়ে যাওয়া

সামান্য ক্ষতিস্বীকার করে বা কষ্টভোগে রেহাই পাওয়া বা কার্যসিদ্ধি হওয়া (ঝড়টা অল্পের উপর দিয়ে গেছে।)

অশনিসঙ্কেত

ঘোর বিপদের আশু সম্ভাবনা।

অশিক্ষিত পটুত্ব

যথাবিধি শিক্ষাপ্রাপ্ত না হয়েও কোন বিষয়ে নৈপুণ্য।

অশুভস্য কালহরনম

অশুভ কাজে কালক্ষেপণ কয়ড়া উচিৎ

অশ্বডিম্ব

অসম্ভব, কাল্পনিক বস্তু; সমার্থক বাগধারা- আঁটকুড়ের ব্যাটা; আকাশকুসুম; এঁড়ে গরুর দুধ; কাঠালের আমস্বত্ব; ঘোড়ার ডিম; পশ্চিমে সূর্যোদয়; সোনার পাথরবাটি; সোনার হরিণ; সাপের পাঁচ-পা ইত্যাদি।

অশ্বতর

কথ্যশব্দ 'খচ্চরের' সাধুরূপ দান- গালিবিশেষ।

অশ্বত্থামা হত ইতি গজ

সত্যের আবরণে মিথ্যাভাষণ।

অশ্বমেধযজ্ঞ

বিরাটমাপের আয়োজন।

অশ্বিনীকুমার

শ্রেষ্ঠ চিকিৎসক; (উৎসকাহিনি- সূর্য ও পত্নী সংজ্ঞা অশ্ব ও অশ্বিনীর রূপ ধারণ করে উত্তর কুরুবর্ষে কিছুদিন বাস করেছিলেন; রামায়ণে বর্ণিত উত্তর কুরুবর্ষ সুমেরুপর্বতের উত্তর ও উত্তরসমুদ্রের দক্ষিণে অবস্থিত; সেইসময়ে তাঁদের দুই জমজপুত্র হয়; তারাই অশ্বিনীকুমার; তাঁরা চিকিৎসাবিদ্যায় সুপণ্ডিত হয়ে স্বর্গবৈদ্য উপাধি পান; চিকিৎসা-সার-তন্ত্র তাঁদের রচিত গ্রন্থ)

অষ্টকপালে

অভাগা।

অষ্টকুষ্টি পুত্র/পুত্রী

অবৈধ সন্তান- গালিবিশেষ; কথ্যভাষা 'আটকুড়ি ব্যাটা/বেটি'-এর সাধুরূপ ('এক চক্ষুখাদিকা ভর্তার পরমায়ুহন্ত্রী অষ্টকুষ্ঠি পুত্রী'-রবীন্দ্রনাথ ঠাকুর)।

অষ্টবজ্রসম্মেলন১

কার্যসিদ্ধির অনুকূল কারণসমূহের মিলন/সমবায়।

অষ্টবজ্রসম্মেলন২

জ্ঞানীগুণী প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ।

অষ্টমঙ্গলা১

বাঙালি হিন্দুবিয়ের একটি মঙ্গলাচরণ অনুষ্ঠান; বিয়ের আটদিনের মাথায় কনে বাপের বাড়ী আসার সংস্কার।

অষ্টমঙ্গলা২

যে সকল মঙ্গলকাব্য আটদিনে আটপর্ব উপস্থাপিত হয়, তাদের শেষ দিনের পালা।

অষ্টরম্ভা

কিছুই না; ফাঁকি; শূন্য; সম্পূর্ণ অভাব (সবার ভাগে কিছু-না-কিছু জুটলো, আমার ভাগে অষ্টরম্ভা।); সমার্থক বাগধারা-কচু; কচু না ঘেচূ; কলা; কাঁচকলা ইত্যাদি।

অষ্টাবক্র

অত্যন্ত বাঁকাচরিত্রের লোক; (উৎসকাহিনি- মাতৃগর্ভ থেকে পিতার পড়ানোর ভুল ধরায় কুপিত পিতার অভিশ্যপে জনৈক মুনি শরীরের আটস্থানে বক্রভাব নিয়ে জন্মগ্রহণ করেছিলেন; সেইকারণে তাঁর নাম হয়েছিল অষ্টাবক্র)।

অষ্টেপৃষ্ঠে

সারা অঙ্গে; সকলপাশে (সংসারজালে অষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছি।); সমার্থক বাগধারা- আষ্টেপৃষ্ঠে

অসিত অশ্বডিম্বের অন্বেষণ

অসম্ভবের পিছনে ছোটা; অসাধ্যসাধনের চেষ্টা।

অসূর্যস্পশ্যা

সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন নারী; পর্দানশিনা নারী

অস্ত যাওয়া

পতন হওয়া, মৃত্যু হওয়া।

অস্তিনাস্তি

থাকা-না-থাকা; আছে আবার নাই (অস্তিনাস্তি না জানন্তি দেহিদেহি পুনঃপুনঃ)

অস্ত্র

উদ্দেশ্যসাধনের জন্য যন্ত্রের মতো ব্যবহৃত ব্যক্তি; উদ্দেশ্যসাধনে ব্যবহারের উপযুক্ত হাতিয়ার।

অস্থিচর্মসার/ অস্থিসার

অতিকৃশ; শীর্ণদেহ।

অস্থিতপঞ্চ/অস্থিতপঞ্চক/অস্থিরপঞ্চম

চিন্তাকুলতা; কি করতে হবে ভেবে না পাওয়া; জটিল অবস্থা (অস্থিতপঞ্চে পড়েছি, কি করব ভেবে পাচ্ছি না।); সমার্থক বাগধারা- কিংকর্তব্যবিমূঢ়।

অহংবুদ্ধি / অহমহমিকা

'আমিই সব'- এমন দম্ভ।

অহি-নকুল সম্পর্ক

সাপ ও নকুলের স্বভাবসিদ্ধ বৈরিতা; চির/ভীষণ শত্রুতা; সমার্থক বাগধারা- আদায় কাঁচকলায়; কুকুর বিড়ালে; সাপে-নেউলে।

অহিতে বিপরীত

অনিষ্ট থেকে ইষ্ট লাভ; অভিশাপ আশীর্বাদে পরিণত; (তোমার শত্রুতা আমার পক্ষে হীতে বিপরীত হতে চলেছে); সমার্থক বাগধারা- শাপে বর।

অ্যাকটিং করা

ভান করা (কিছুই লাগেনি অ্যাকটিং করছে।)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

New Posts

SSC English 1st Paper Model Test

The Path to Becoming a Good Citizen To be a good citizen, you have to prepare yourself to do good work in society. B...